সরকার নারীদের মর্যাদা দিতে পারেনি: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারপ্রধান নারী হওয়া সত্ত্বেও তিনি নারীদের সঠিক মর্যাদা দিতে পারেননি। এ কারণে প্রতিনিয়তই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সরকার কিছু করতে পারছে না।
গতকাল শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার নারীদের যথেষ্ট সম্মান দিতে জানে না। সরকারের প্রধান একজন নারী হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত নারীরা নির্যাতিত হচ্ছে। তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ পুরো শহর মরিচ বাতি দিয়ে সাজিয়ে সম্মেলন করল কিন্তু বিএনপিকে একটু জায়গা দিতে পারল না। এমনটা তো গণতন্ত্রের ভাষা হতে পারে না। অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক সাংসদ নিলুফার চৌধুরী, শাম্মী আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।