সরকার নিজেই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে: হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কনভেনশন করার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, এই জাতীয় ঐক্য সরকারের করা উচিত ছিল। তারা তা করেনি, বরং এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। তিনি বলেন, ‘সরকার নিজেই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তিন-চার দিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে? আপনারা কি সন্ত্রাসীদের চোখে দেখেন না?’
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের এক সমাবেশে হান্নান শাহ এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মানি লন্ডারিং আইনে করা মামলায় হাইকোর্টের সাজার রায়ের প্রতিবাদে এ সমাবেশ হয়।
তারেক রহমান ন্যায়বিচার পাননি বলে দাবি করে হান্নান শাহ বলেন, মুদ্রা পাচার হচ্ছে ভারতে। গত রমজান মাসে তিন দিনে ভারতীয় দূতাবাস দেড় লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ঈদের কেনাকাটার জন্য। তাঁরা যদি বেশি নয়, ৩০ হাজার করে টাকা নিয়ে থাকেন, তাহলে ৪ হাজার ৫০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এ টাকা ব্যাংকের মাধ্যমে যায়নি। তিনি বলেন, ‘সরকারের মাজায় যদি জোর থাকে, ভারতে যে মুদ্রাপাচার হচ্ছে, এটা বন্ধ করে দেখিয়ে দিক। তাহলেই বুঝব, আপনারা মানি লন্ডারিং অপরাধের বিচার করতে জানেন।’
স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম, মারুফ আল হাসান প্রমুখ।