বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট অভিযোগ করেছে, আন্দোলন স্তব্ধ করতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন-নিপীড়নের মহোৎসবে মেতে উঠেছে।
২০-দলীয় জোটের পক্ষ থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা এই অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, এরই ধারাবাহিকতায় বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ১৩ দিন আগে অপহরণ করে নিখোঁজ রাখা হয়েছে। সরকার হিটলার-মুসোলিনির গুপ্ত বাহিনীর আদলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের কবজায় নিয়ে দেশকে চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে ফেলেছে।
খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে বাধা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে ঢুকতে তিন আইনজীবীকে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গতকাল প্রথম আলোকে বলেন, ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মাজম আলী খান ও সম্পাদক জাফর উল্লাহ গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের বাধার কারণে তাঁরা কার্যালয়ের ভেতরে যেতে পারেননি।