সরকার নির্বাচন দিতে ভয় পায়: নজরুল ইসলাম

বর্তমান সরকার নির্বাচন দিতে ভয় পায়। কারণ, তারা জানে নির্বাচন দিলে জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা এখন কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চায়।
আজ সোমবার সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে তৃণমূলকে শক্তিশালী করতে ওই প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, দেশ এখন চরম দুঃসময় অতিক্রম করছে। হাজার হাজার মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। এই সরকারের আমলে আপনারা অনেক সাথি হারিয়েছেন। দলের এমন কোনো নেতা নেই, যাঁর বিরুদ্ধে কমপক্ষে ২০ থেকে ২৫টি মামলা নেই। এ অবস্থা চিরদিন থাকবে না।
নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে নির্বাচন দিলে জনগণ তাদের ভোট দেবে না। তাই তারা এখন কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চায়। তিনি বলেন, কোনো যুক্তিতেই আওয়ামী লীগ আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আজ হোক, কাল হোক নির্বাচন দিতেই হবে। ওই নির্বাচনে জনগণ তাদের সব অন্যায়ের জবাব দেবে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রুমান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার, বিএনপি কেন্দ্রীয় নেতা আবদুল মোমিন, সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বাবুল আহম্মেদ, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান প্রমুখ।