সরকার নয়, জনগণ বিএনপিকে ভয় পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশে কোনো বিপ্লব হয়নি। ওই দিন মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে তাঁদের লাশের ওপর দিয়ে হেঁটে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন। এ রকম একটি বেদনাবিধুর দিনে খালেদা জিয়া উৎসবের ডাক দেবেন, তা এ দেশের জনগণ মেনে নেবে না।
গতকাল রোববার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন। গত শনিবার মহিলা দলের এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
‘সরকার ভয় পেয়ে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি’—খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, সরকার নয়, বিএনপিকে দেশের জনগণ ভয় পায়। কারণ, তারা ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে, ঝলসে দিয়েছে শত শত মানুষকে। এরই পরিপ্রেক্ষিতে সরকারের দায়িত্ব রয়েছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার।
হাছান মাহমুদ বলেন, রাজধানীতে কোনো সভা-সমাবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য আমলে নেওয়া হয়। বিএনপি এর আগেও সভা-সমাবেশের নামে রাজধানীতে সহিংসতা করেছে। কাজেই যেকোনো অনুমতি দেওয়ার আগে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জনগণের জান-মালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেয়। আওয়ামী লীগকেও রাজধানীতে কোনো সভা-সমাবেশ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়।