সরকার পতনে শপথ নিতে ছাত্রনেতাদের কনভেনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকারের পতন ঘটানোর শপথ নিতে নব্বইয়ের ডাকসু, তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্য ও বর্তমান ছাত্রনেতাদের নিয়ে কনভেনশন করা হবে। গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।
আমান বলেন, ‘আমরা শপথ নিতে চাই, খালেদা জিয়ার নেতৃত্বে দ্রুত সময়ের মধ্যে এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব।’ ১৮ ডিসেম্বর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই কনভেনশন হবে, এ তথ্য জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে কনভেনশনে উপস্থিত থাকবেন।
আমান উল্লাহ আমান আরও বলেন, ৫ জানুয়ারির তথাকথিত নির্বাচনের নামে বর্তমান আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। তৎকালীন সামরিক স্বৈরশাসক এরশাদের চেয়েও নিকৃষ্ট এক ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে সরকার—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। মেনে নেওয়া যায় না। আমরা ১৯৯০ সালের ১ অক্টোবরের মতো তৎকালীন ও বর্তমান ছাত্রনেতাদের সমন্বয়ে ঢাকায় একটি ছাত্র কনভেনশন করার সিদ্ধান্ত নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম প্রমুখ।