বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার খালেদা জিয়াকে নির্বাচনে অযোগ্য করতে উঠে পড়ে লেগেছে। তাঁকে সাজা দিয়ে সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায়।
গতকাল শুক্রবার রাজধানীর শাহজাহানপুরে মাহবুব আলী মিলনায়তনে শ্রমিক দল (দক্ষিণ) আয়োজিত ইফতার অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, প্রচলিত আইন ও দ্রুত বিচার আইনে খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করা যাবে না। তাই তাঁর বিচারের জন্য এখন আলাদা ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে। অর্থাৎ তাঁকে (খালেদা জিয়া) মিথ্যা মামলায় ফাঁসানো জরুরি হয়ে পড়েছে।
নজরুল ইসলাম খান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘যেখানে পচা গম কেলেঙ্কারির জন্য মন্ত্রীর দায় থাকা সত্ত্বেও মন্ত্রিত্ব যায় না, সেখানে আশরাফের মন্ত্রিত্ব হারানো কোনো বিশেষ বার্তা নয়।’
ইফতারে শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী মো. আমির খসরু, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাদল অংশ নেন।