সরকার ফাঁকা মাঠে গোল দিতে চায়: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় পরিচয়ে অনুষ্ঠানে পাঁচ প্রতিষ্ঠানের আইন সংশোধনে মন্ত্রিসভার অনুমোদনকে ‘সাংঘর্ষিক’ বলেছে বিএনপি। দলটি বলছে, সরকার ফাঁকা মাঠে গোল দেওয়ার হীন চেষ্টা করছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন। তিনি এ সংক্রান্ত নির্বাচনী আইন অধ্যাদেশ আকারে জারি করা থেকে বিরত থাকতেও সরকারের প্রতি আহ্বান জানান।
আসাদুজ্জামান বলেন, জাতীয় সংসদের মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত সাংসদরা স্বপদে বহাল থাকতে পারেন। কিন্তু মেয়াদোত্তীর্ণ হলে স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। এটি সাংঘর্ষিক। এ ছাড়া স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার যে কথা সংবিধানে রয়েছে, এতে সংবিধানের সে ধারাও ক্ষুণ্ন হবে।
বিএনপির মুখপাত্র স্থানীয় সরকারের সব নির্বাচন দলীয় পরিচয়ে অনুষ্ঠানে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তিনি বলেন, সরকারের এ ধরনের চিন্তা-ভাবনার আঁচ পেয়ে আমরা প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনার কথা বলেছিলাম। কিন্তু সরকার তা না করে তড়িঘড়ি দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে।
আসাদুজ্জামান বলেন, উন্নত বিশ্বে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন হয়। কিন্তু সেসব দেশে আমাদের দেশের মতো রাজনৈতিক অপচর্চা হয় না। দলীয় মনোনয়নে ও প্রতীকে স্থানীয় সরকারের সব নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্র-সমাজ আরও বিভাজিত হয়ে পড়বে।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘মানুষ যখন দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি করছে, তখন এটাকে পাশ কাটিয়ে দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পেছনে সরকারের মহাদুরভিসন্ধী রয়েছে বলে আমরা মনে করি। এর মাধ্যমে সরকার প্রমাণ করার চেষ্টা করবে, বিরোধী দল জাতীয় নির্বাচন বর্জন করলেও সব পর্যায়ের স্থানীয় নির্বাচনে তাদের প্রতি জনগণের তথাকথিত সমর্থন রয়েছে। এটা সরকারের অসৎ পরিকল্পনা ছাড়া অন্য কিছু না।’
আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের দলন-পীড়নের বিরোধী দলের হাজারো নেতা-কর্মী কারারুদ্ধ। সরকার বিরোধী দলকে ন্যূনতম গণতান্ত্রিক স্পেস দিচ্ছে না। এমন প্রেক্ষাপটে সমান সুযোগ নিয়ে নির্বাচনে অংশ নেওয়া দুরূহ। সরকার সে সুযোগটি কাজে লাগিয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার হীন চেষ্টা করছে।