বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। কারণ বর্তমানে আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। দেশের সর্বত্র হত্যা, গুম, অপহরণ, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকহারে বেড়েছে। সরকার সেসব দমন না করে বিএনপিসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের দমনে ব্যস্ত সময় পার করছে।
বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গত বৃহস্পতিবার রাতে জমির উদ্দিন সরকার এসব কথা বলেন। শহরের পার্বতীপুর রোডের সৈয়দপুর কমিউনিটি সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আহ্বায়ক অধ্যক্ষ মো. আবদুল গফুর সরকার।
কর্মিসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র বিএনপির নেতা জিয়াউল হক, বিএনপি নেতা কাজী একরামুল হক, বজলার রহমান, এ কে এম এহছানুল হক, ডা. জহিরুল হক প্রমুখ।