সরকার বিএনপিকে কাউন্সিল নিয়ে ঝামেলায় ফেলতে চায়: নোমান
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, কাউন্সিল নিয়ে বিএনপিকে ঝামেলায় ফেলতে সরকার কাউন্সিলের জায়গার অনুমতি নিয়ে টালবাহানা করছে।
আজ বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে নোমান এই অভিযোগ করেন। তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বিএনপি আসন্ন কাউন্সিল অনুষ্ঠানের জন্য তিনটি জায়গার কথা উল্লেখ করে অনুমতি চেয়েছে। কিন্তু সরকার কোনোটিরই অনুমতি দেয়নি। তাঁর বিশ্বাস, সরকার বিএনপিকে কাউন্সিল করতে দেবে। তবে সরকার বিএনপিকে অসুবিধায় ফেলতে চায় বলে তিনি অভিযোগ করেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, বিএনপির কাউন্সিল নিয়ে জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। এই নেতৃত্ব গণতন্ত্র উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে।