সরকার-বিএনপিকে নমনীয় হতে বললেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

জনগণের স্বার্থে সরকার ও বিএনপি—উভয় পক্ষকে নমনীয় ও শান্ত থাকা এবং সব দলকে এক টেবিলে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘ঔপনিবেশিক আমলের সেই হরতাল-অবরোধের মতো নেতিবাচক অপরাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। অপরদিকে সরকারও অসহিষ্ণু হয়ে বিরোধী পক্ষের ওপর মারমুখী আচরণ চালাতে শুরু করেছে। এর ফলে জনমনে চরম আতঙ্ক-অনিশ্চয়তা নেমে আসছে। এ অবস্থায় একটি স্বাধীন সার্বভৌম দেশ চলতে পারে না এবং সংঘাত ও গণতন্ত্রও একসঙ্গে চলতে পারে না।’ সংঘাতের রাজনীতির কারণে গণতন্ত্র এখন বিপন্ন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন এরশাদ।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারীরা সরকারবিরোধী আন্দোলনের নামে জনগণকে জিম্মি করার মতো কর্মসূচি গ্রহণ করছে। অপরদিকে সরকারও প্রতিপক্ষকে দমনের নামে আগ্রাসীদের মতো ভূমিকা পালন করছে। আমরা এর কোনোটাই মেনে নিতে পারি না। দেশবাসী শান্তি চায়, নিরাপত্তা চায় এবং তারা দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায়।’