সরকার বিএনপিকে নির্বাচনের অযোগ্য করার ষড়যন্ত্র করছে!
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের নির্বাচনে অযোগ্য করতে সরকার নীলনকশা করছে বলে অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান এই অভিযোগ করেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার এ ধরনের নীল নকশার বাস্তবায়ন করতে চাইলে এর পরিণতি তাদের জন্য শুভ হবে না।
গতকাল শনিবার জাতীয় সংসদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, ২০১৯ এর নির্বাচনে খালেদা জিয়ার অংশগ্রহণ থাকবে না। তাঁর এ বক্তব্যকে ‘অসুস্থ লোকের প্রলাপ’ আখ্যা দিয়ে আসাদুজ্জামান বলেন, হাসানুল হক ইনু প্রকৌশলী ছিলেন—এটি জানা ছিল, তবে তিনি যে জ্যোতিষী, তা জানা ছিল না।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, খালেদা জিয়াসহ দলের নেতাদের বিরুদ্ধে কাল্পনিক মামলা দিয়ে নির্বাচনের অযোগ্য করার নীলনকশা চলছে। বিচারের নামে সরকারের হুকুমে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না। ষড়যন্ত্র করে বিএনপির মতো দলকে রাজনীতির বাইরে রাখা যাবে না।
আসাদুজ্জামান বলেন, মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে যে তথ্য উঠে এসেছে তা নিয়ে সরকার কোনো প্রতিবাদ দেয়নি। তাতে প্রতীয়মান হয়, ওই প্রতিবেদন সত্য।
লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিংয়ের উদ্যোগের সমালোচনা করেন বিএনপির এই নেতা। পাশাপাশি সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পেরও বিরোধিতা করেন তিনি।