সরকার বিএনপিকে ভাঙার চেষ্টা করছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বিএনপি ও জোটকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু কাউকে দল থেকে বের করে নেওয়া যাবে না। আর যারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, জনগণ তাদের বিচার করবে।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুস সালাম তালুকদারের স্মরণে আব্দুস সালাম তালুকদার স্মৃতি সংসদ ওই আলোচনার আয়োজন করে।
১৭ আগস্ট এক আলোচনা অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর অনেক রাজনৈতিক আলাপ হয়। তিনি একজন ভদ্র মানুষ। কিন্তু ফখরুলের জন্য তাঁর দুঃখ হয়। খালেদা জিয়া ও তাঁর ছেলে ফখরুলকে কিছুই দেবেন না।
এই বক্তব্যের জবাবে মির্জা ফখরুল দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি যে মন্তব্য করেছেন তা ‘সর্বৈব মিথ্যা’। গত ৫ জানুয়ারির নির্বাচনের পর সৈয়দ আশরাফের সঙ্গে তাঁর কোনো ধরনের আলোচনা হয়নি। এর আগে মাত্র তিনবার তাঁর সঙ্গে সৈয়দ আশরাফের কথা হয়েছে। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একজন সজ্জন মানুষ, ধারণা ছিল তিনি মিথ্যা বলেন না। কিন্তু তিনি সম্প্রতি যে কমেন্টস করেছেন তা সর্বৈব মিথ্যা।’
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তও মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার সুপরিকল্পিতভাবে একদলীয় শাসনের দিকেই যাচ্ছে। পঞ্চদশ সংশোধনী, সম্প্রচার নীতিমালা এবং বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগ এরই অংশ।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ আলোচনায় অংশ নেন।