সরকার বিএনপির বুকের মধ্যে হাত দিয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের রায় প্রমাণ করে সরকার বিএনপির বুকের মধ্যে হাত দিয়েছে। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে সবাইকে সাজা দেওয়া হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

গতকাল রোববার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে আয়োজিত সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপি জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই প্রতিবাদ সভার আয়োজন করে।

বর্তমান সময়কে সংকটময় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একদিকে জাতিকে ধ্বংস করার জন্য, দেশকে আন্তর্জাতিকভাবে যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসের কথা আনা হচ্ছে। অন্যদিকে বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করার জন্য প্রধান বিরোধী দলকে ধ্বংস করার নীলনকশা বাস্তবায়ন শুরু হয়েছে।

নেতা-কর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ঘরে বসে থাকার সময় নেই। আজকে আমাদের অস্তিত্বের প্রশ্ন। তারেক রহমান সাহেবের রায় প্রমাণ করেছে তারা আমাদের বুকের মধ্যে হাত দিয়েছে। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা কেউ এখান থেকে বাদ যাব না।’

সরকারকে হুঁশিয়ার করে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলে নিয়ে গেলে মানুষ বসে বসে চিনাবাদাম খাবে না।’ তিনি বলেন, তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে সাজা দেওয়া হয়েছে। যাতে তিনি রাজনীতি এবং আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারেন।