সরকার বিচার বিভাগের কফিনে শেষ পেরেক মারতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত অভিশংসন আইনের প্রতিবাদে বিএনপি গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে l ছবি: প্রথম আলো
প্রস্তাবিত অভিশংসন আইনের প্রতিবাদে বিএনপি গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে l ছবি: প্রথম আলো

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিচার বিভাগের কফিনে শেষ পেরেক মারতে চায়। এ জন্যই বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়া হচ্ছে। যাতে কোনো বিচারক তাঁদের বিরুদ্ধে কোনো রায় দিতে না পারেন।
গতকাল বুধবার বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নেওয়ার উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের মিলনায়নতনে এ সমাবেশের আয়োজন করা হয়।
সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রস্তাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সম্মত হওয়ায় বিস্ময় প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘যার কাছ থেকে সীমান্ত রক্ষা করব, তার কাছ থেকেই প্রশিক্ষণ নেব?’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে সরকারের মন্ত্রীদের সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ইট মারলে পাটকেল খেতে হবে। জিয়াউর রহমান, খালেদা জিয়াকে খুনি বলবেন, তারেক রহমানকে কুলাঙ্গার বলবেন, আর দেশপ্রেমিক মানুষ বসে তামাশা দেখবে?’ পাটকেল খেয়ে সরকারের মন্ত্রীরা দিশেহারা হয়ে বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানকে নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করবেন না। প্রকাশ্যে বলেন, ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত বাকশাল নিয়ে আপনাদের ভূমিকা কী ছিল, বক্তব্য কী ছিল। জিয়াউর রহমান, তারেক রহমানকে গালিগালাজ করে পার পাবেন না।’
মির্জা ফখরুল দাবি করেন, সারা দেশে তাঁদের পাঁচ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে নিঃস্ব করে নিজেদের পকেট ভারী করতে কুইক রেন্টালের মেয়াদ আবার চার বছর বাড়িয়েছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস দাবি করেন, তারেক রহমান নিজে কোনো কথা বলেছেন, তা কেউ প্রমাণ দিয়ে বলতে পারবেন না। তারেক বিভিন্ন বই বা বক্তব্যের উদ্বৃতি দিয়েছেন।
প্রেসক্লাব মিলনায়তনে জায়গা না হওয়ায় ভেতরের চেয়ে বাইরে বেশি সংখ্যক নেতা-কর্মী জমায়েত হন। তবে বাইরে মাইকের ব্যবস্থা না থাকায় তাঁরা নেতাদের বক্তব্য শুনতে পারেননি। সমাবেশ চলাকালে প্রেসক্লাবের প্রবেশপথে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন। সমাবেশে জোটের শরিক দলগুলোর মহাসচিব পর্যায়ের নেতারা বক্তব্য দেন।