সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে না। একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে তারা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের বিরোধিতা করছে।
গতকাল সোমবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। বৃহত্তর সূত্রাপুর ও কোতোয়ালির পাঁচটি থানার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগ যখন নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য রায় দিচ্ছে, তখন সরকার এই রায়ের বিরোধিতা করছে। কারণ, তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়।
দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, এমন মন্তব্য করে মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আন্দোলন করে অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় সরকারকে বাধ্য করতে হবে। বর্তমান সরকার সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
সাদেক হোসেন খোকার আশু রোগমুক্তি কামনা করে ফখরুল বলেন, তিনি গণতন্ত্রের জন্য রাজপথে রক্ত দিয়েছেন।