সরকার বেপরোয়া ও দিশেহারা: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের নির্মম এবং স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্চার তখন সরকার আরও বেপরোয়া ও দিশেহারা হয়ে উঠেছে। আর এ কারণেই বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে বর্বরোচিত নির্যাতন, হত্যা, গুম, অপহরণ এবং আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ধর্মপাশা উপজেলার ২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে করা মামলায় গতকাল বৃহস্পতিবার তাঁরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠান। এ মামলাকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা আজ এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, রফিকুল ইসলামসহ ধর্মপাশা উপজেলা বিএনপির ২৪ নেতা-কর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাগারে পাঠানোর ঘটনা বর্তমান অবৈধ ও গণবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ। এসব করার একমাত্র লক্ষ্যই হচ্ছে বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে বর্তমান অবৈধ সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে না পারে। কিন্তু তাতে সরকারের শেষ রক্ষা হবে না।

মির্জা আলমগীর বলেন, সংবিধানে বর্ণিত জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ এবং বিরোধী দলের ওপর নির্যাতন-নিপীড়ন করে ক্ষমতা আঁঁকড়ে রাখতে সরকারের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড দেশের সচেতন জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।

অবিলম্বে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ ধর্মপাশা উপজেলা বিএনপির ২৪ নেতা-কর্মীর মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।