সরকার ব্যর্থতা ঢাকতে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। উগ্রবাদ দেশে এখন ডালপালা বিস্তার লাভ করেছে। তিনি দাবি করেন, সরকার নিজের ব্যর্থতা ঢাকতে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে।

আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমান দেশের মানুষের নিরাপত্তা নেই। একের পর এক জঙ্গি হামলা হচ্ছে। মানুষকে হত্যা করা হচ্ছে। এ সরকার নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, যখনই দেশে কোনো নাশকতা কিংবা জঙ্গি হামলার ঘটনা ঘটে তখনই প্রধানমন্ত্রীসহ সরকারের অন্য মন্ত্রীরা এ দায় বিএনপির ওপর চাপাতে চায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর এ দাবির জবাবে বলেন, একের পর এক রক্ত ঝরার ঘটনা ঘটছে।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। উগ্রবাদ দেশে এখন ডালপালা বিস্তার লাভ করেছে। তিনি দাবি করেন, সরকার তার ব্যর্থতা ঢাকতে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। দু’ চারজন যুবক ধরা পড়লেও তাদের বন্দুকযুদ্ধের নামে ‘হত্যা’ করা হচ্ছে। কারণ সরকার প্রকৃত সত্য উদ্‌ঘাটন করতে চায় না। জনগণকে সত্য জানাতে চায় না। কথিত এ ক্রসফায়ারে ঘটনাগুলো জনগণের সন্দেহ বাড়িয়ে তুলছে।

রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, উগ্রবাদীরা রাষ্ট্রীয় শক্তিকে চ্যালেঞ্জ করছে। জনগণকে অন্ধকারে রেখে, সত্যকে লুকিয়ে কোনো লাভ নেই। সরকারের উচিত দায়ভার মাথায় নিয়ে দ্রুততম সময়ে পদত্যাগ করা। বর্তমান সরকার জঙ্গি দমন না করে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানিতে ব্যস্ত।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, এই সরকারের এমন কিছু অন্তর্নিহিত বিষয় আছে যেটি তারা আজ জনগণকে জানতে দিতে রাজি নন। সন্দেহভাজন জঙ্গিকে ধরছেন অথচ তাদের আইনি প্রক্রিয়া না এনে তদন্ত প্রক্রিয়ার না এনে, বন্দুক যুদ্ধের নামে ‘হত্যা’ করা হচ্ছে। তাহলে জঙ্গিবাদ কারা, এই উগ্রবাদী শক্তি কারা, তাদের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে আজকে মানুষের কাছে সন্দেহ দেখা দিয়েছে। চারিদিক থেকে জনগণের মাঝে যে ভয়ের, যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এ জন্য সরকার দায়ী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরুসহ স্থানীয় নেতারা।