সরকার মানুষের জীবনের পরোয়া করছে না: রিজভী

করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে রাজশাহী নগরের কাজীহাটা এলাকায় রাজশাহী জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপহারসামগ্রী বিতরণের সময় তিনি এ কথা বলেন।
সরকারের সমালোচনা করে রিজভী বলেন, শপিং মলে সামাজিক দূরত্বের নির্দেশ দিয়ে খুলে দেওয়া হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে। অথচ এটি ছোঁয়াচে এমন একটি রোগ যে একজনের কাছ থেকে অন্যজনের শরীরে গেলে জীবননাশের আশঙ্কা রয়েছে। প্রতিদিনই আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ রকম পরিস্থিতিতে সরকার শপিং মল খুলে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, খুলে না দিলে কীভাবে চলবে। তাঁদের কথায় মনে হচ্ছে, মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। অন্য কিছু গুরুত্বপূর্ণ বিধায় সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না।
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সহসভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক রাশেদুল হক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরত এলাহী রিজভীসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারের একজন মন্ত্রীর বক্তব্যর জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘করোনাভাইরাস নিয়ে বিএনপি নয়, জুয়া খেলছে সরকার। সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমরা সরকারি কোনো ত্রাণ পাই না। আমরা নিজেদের পয়সা খরচ করে ত্রাণের ব্যবস্থা করি। প্রায় ১২ লাখ পরিবারকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ত্রাণ সরবরাহ করছেন। আমরা কেউ বসে নেই। পাড়া-মহল্লায় নেতা-কর্মীরা কাজ করছে। অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে।’
রুহুল কবির রিজভী বলেন, আজ সারা দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। জনগণের টাকায় কেনা চাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, আওয়ামী লীগের নেতাদের বাড়ির মাটির গর্তে, খড়ের পালার মধ্যে পাওয়া যাচ্ছে এবং খাটের ভেতর তেল পাওয়া যাচ্ছে। এটা হওয়ার কথা নয়। কারণ এরা নির্বাচিত নয়। জনগণের কাছে তাদের জবাবদিহি নেই বলেই তারা অসহায় দুস্থ মানুষদের দুর্ভিক্ষের মধ্যেও ত্রাণ আত্মসাৎ করছে। চুরি করা থেকে সরছে না।
ত্রাণ বিতরণের সময় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে খাবারের জন্য, ত্রাণের জন্য হাহাকার করছে মানুষ। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের কোনো কাজ নেই। তাদের বাড়িতে ত্রাণ পৌঁছাচ্ছে না। এ রকম পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক দল যে উদ্যোগ গ্রহণ করেছে, তার জন্য তাদের শুভেচ্ছা জানাচ্ছি।’