সরকার মানুষের সাংবিধানিক অধিকার ধ্বংস করেছে: বিএনপির সমাবেশে নিতাই রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে বিএনপির সমাবেশে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বক্তৃতা করেন। বুধবার দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে
ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে জনতার যে উত্তাল ঢেউ উঠেছে, এই ঢেউয়ে শেখ হাসিনা সরকারের পতন হবেই। এই সরকার মানুষের সাংবিধানিক অধিকার ধ্বংস করেছে। বিএনপির নেতা-কর্মীদের খুন ও গুম করেছে। হাজার হাজার মামলা দিয়ে নেতা-কর্মীদের জেলে পুরেছে।

আজ বুধবার দুপুরে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি জাতীয় স্বার্থের পক্ষের দল। আর আওয়ামী লীগ গণতন্ত্রবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী দল। খালেদা জিয়া রাজপথে সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। রাজপথে আন্দোলন করেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

এই সরকারের পতনের পথ তৈরি হয়ে গেছে উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, গণতন্ত্রের আন্দোলন গণ-অভ্যুত্থান রূপ নিচ্ছে। দ্রুত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ুর রহমানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব এম এ মজিদের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সাবেক সাংসদ এম এ ওহাব, শহীদুজ্জামান বেল্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম, আমিরুজ্জামান খান, আবদুল হামিদ, আনোয়ারুল ইসলাম, জাহিদুজ্জামান, মো. আক্তারুজ্জামান প্রমুখ।

সমাবেশে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও চুয়াডাঙ্গা থেকে হাজার হাজার বিএনপির নেতা-কর্মী ও সমর্থক সমবেত হন।