সরকার রাজনীতি ও আইন এক করে ফেলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে সরকার তারেক রহমানকে আক্রমণ করছে। তাঁর অভিযোগ, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েই তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। এর পেছনে আইনের প্রয়োগ হয়নি। সরকার রাজনীতি ও আইন এক করে ফেলেছে বলেও তিনি মন্তব্য করেন।
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন আমীর খসরু। তিনি চট্টগ্রাম নগর বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন। চট্টগ্রাম নগরের কোতোয়ালি ও ডবলমুরিং থানা বিএনপি নাসিমন ভবনের দলীয় কার্যালয় চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
প্রতিবাদ সমাবেশে আমীর খসরু মন্তব্য করেন, ‘শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই। আওয়ামী লীগ তারেক রহমানকে ভয় পাচ্ছে। লন্ডনে থাকা তারেক রহমানকে যদি শেখ হাসিনা ভয় পায়, তাহলে দেশে ফিরলে তো পালাতে হবে।’
নগর বিএনপির সহসভাপতি সামশুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। আরও বক্তব্য দেন অন্য সহসভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ও সহসাংগঠনিক সম্পাদক আবুল হাশেম।
নগর বিএনপির সভাপতি বলেন, যে সরকার মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করে, সেই সরকার দাবি করতে পারে না দেশে আইনের শাসন আছে। র্যা ব, পুলিশ ও সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে বলে তিনি মন্তব্য করেন।
শাহাদাত হোসেন বলেন, ‘তারেক রহমান ছাড়া নির্বাচন হবে না। তিনি যেদিন দেশে আসবেন, সেদিন এই সরকারের কবর রচিত হবে।’ তিনি আরও বলেন, সরকারের এসব অনিয়ম ও অনাচারের বিরুদ্ধে চট্টগ্রামের বিএনপি নেতা-কর্মীরা স্বেচ্ছায় কারাবরণ করতেও প্রস্তুত রয়েছেন।
সমাবেশে বিএনপির নেতারা আসলাম চৌধুরীর বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার করার দাবি জানান।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে নগরের চকবাজার ও বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে চকবাজারে মিছিল ও সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাহাদাত হোসেন। সমাবেশে বক্তব্য দেন চকবাজার থানা বিএনপির আহ্বায়ক সবুক্তগীন ছিদ্দিকী, বাকলিয়ায় থানা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম, নগর বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. আলী, নগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ প্রমুখ।