সরকার দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা হলেও প্রশাসন নীরব থাকছে। উল্টো দলের জ্যেষ্ঠ নেতাদের নামে মামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
গাজীপুরে খালেদা জিয়ার সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারির প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এ সমাবেশ হয়। কর্মসূচি চলাকালে নাসিমন ভবন এলাকা পুলিশ ঘেরাও করে রাখে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন সহসভাপতি আবু সুফিয়ান। বক্তৃতা করেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দখলে রেখে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে। ঢাকার বকশিরবাজারে অস্ত্র উঁচিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা করলেও প্রশাসন নীরব। ওই ঘটনায় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে সরকার। গ্রেপ্তার করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের।
নগর বিএনপির সভাপতি বলেন, খালেদা জিয়ার জনসভায় জনতার ঢল দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই সহযোগী সংগঠন ও প্রশাসনকে দিয়ে ২০-দলীয় জোটের জনসভাকে পণ্ড করার অপচেষ্টা করছে।
সৈয়দ ওয়াহিদুল আলম বলেন, ‘শক্ত করে ঝাঁকুনি দিলে সরকার পড়ে যাবে। এ জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।’
শাহাদাৎ হোসেন সরকার বলেন, ‘সরকার একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। ভিন্নমত সহ্য করতে পারছে না বলে খালেদা জিয়ার জনসভার জায়গায় ১৪৪ ধারা জারি করেছে। জনগণ একদিন এর হিসাব নেবে।’