সরকার রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে অনেক কিছু করছে: খালেদা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী। আর অন্যের নামে রাষ্ট্রদ্রোহের বিচার দিয়ে বেড়ায়। অথচ সরকার নিজেই পুরো রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে অনেক কিছু করছে, যেটা জনগণ জানে না।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, সন্ত্রাসী ধরার জন্য নয়, বরং সন্ত্রাসীদের পার করে দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের জন্য সরকার এই অভিযান চালাচ্ছে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা এবং বিএনপিকে ভালোবাসে এ রকম সাধারণ মানুষকে জেলে ঢোকানোই সরকারে লক্ষ্য। এখন পর্যন্ত ২ হাজার ৭০০-এর বেশি বিএনপির নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
খালেদা জিয়া বলেন, সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। প্রিজন ভ্যানের সামনে স্বজনদের আহাজারি দেখলেই সেটি বোঝা যায়। তিনি অভিযোগ করেন, ‘ছাত্রলীগের লোকজন অবাধে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, সরকার তাদের ধরে না। আওয়ামী লীগের লোকজন অস্ত্র নিয়ে ধরা পড়লেও কয়েক দিন পরে তাদের ছেড়ে দেওয়া হয়।’