সরকার রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিক নয়: ফখরুল

সরকার যদি সব বিরোধী দলকে নিয়ে রোহিঙ্গা সংকটের সমাধানে ঐক্যবদ্ধ প্রয়াস সৃষ্টি করতে পারত, তাহলে সরকারের হাতই শক্তিশালী হতো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার আন্তরিক নয়।
আজ বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালী ও থাংখালী রোহিঙ্গা শিবিরে ত্রাণ দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, যেসব দেশ মিয়ানমারকে সমর্থন দিচ্ছে, তাদের কাছে সরকার প্রতিনিধিদল পাঠায়নি। সরকার এখন পর্যন্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্মমতাকে গণহত্যা বলেনি। নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। সরকার রোহিঙ্গা সংকটের সমাধান দ্রুত সম্পন্ন করতে পারলে তাতে বিএনপির সমর্থন থাকবে।
বিএনপির মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে তাঁর দল রাজনীতি করতে চায় না। এই সংকটের সমাধান চায়। এ জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। এই সংকটে যতটুকু সম্ভব ত্রাণ দিয়ে রোহিঙ্গাদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করছেন তাঁরা।