সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করেছে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করেছে। আত্মতুষ্টির জন্য পাসের হার বাড়ানো হয়েছে, এতে শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। শিক্ষার সব উদ্দেশ্য আজ ভূলুণ্ঠিত।
আজ শনিবার ‘বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে খালেদা জিয়া এই অভিযোগ করেন। রাজধানীর লেডিস ক্লাবে দিনব্যাপী ওই সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে পাঁচটি অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষা-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করেন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, শিক্ষা মানুষকে গণতন্ত্র, ভিন্নমতের, ভিন্নমত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শিক্ষা দেয়। কিন্তু বর্তমান সরকার শিক্ষার এই মৌলিক লক্ষ্যকে পদদলিত করছে। তারা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে।
খালেদা জিয়া বলেন, তিনি শিক্ষাবিদ না হলেও বিভিন্ন মেয়াদে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেখেছেন, শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন প্রয়োজন। এ লক্ষ্যে বিএনপি তাদের ভিশনে শিক্ষা নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরেছে। তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে প্রথম পাঁচ বছরেই আমরা এসব বাস্তবায়ন করতে পারব না। শিক্ষা খাতে জিডিপির শতকরা পাঁচ ভাগ ব্যয় করে দেশকে নিরক্ষরতার অভিশাপ ও অন্যান্য শিক্ষা সমস্যা থেকে মুক্তি দেওয়া হবে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, বিএনপি এমন ব্যবস্থা গড়ে তুলবে, যাতে শিক্ষা শুধু ডিগ্রি অর্জনের হাতিয়ার হবে না, হবে জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার হাতিয়ার। সব পর্যায়ে শিক্ষা অর্জনের সুযোগ লাভের ক্ষেত্রে সামাজিক, সাংস্কৃতিক, জেন্ডার ও অর্থনৈতিক বাধাগুলো দূর করা হবে।
খালেদা জিয়া বলেন, এখন একাধিক শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। এই ভিন্নতার সঙ্গে সমাজে বিরাজমান যে শ্রেণি ও অর্থনৈতিক বৈষম্য আছে, তার সঙ্গে সম্পর্কিত। সমাজ যেখানে মাদ্রাসাশিক্ষার জন্য নিজেই অর্থের সংস্থান করে, সমাজের সুবিধাভোগীরা সেখানে ভিন্ন ধরনের শিক্ষার জন্য অর্থ ব্যয় করে। প্রচলিত সব ধরনের শিক্ষাব্যবস্থার মধ্যে যোগসূত্র তৈরি করতে হবে।
সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সেমিনারের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। দিনব্যাপী সেমিনারে উচ্চশিক্ষা ও প্রাগ্রসর শিক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, শিক্ষার দর্শন নিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিয়ে ছাড়া ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম ও শাহ শামীম আহমেদ, শিক্ষায় বিভিন্ন ধারা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাপক সাব্বির মোস্তফা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবাল প্রবন্ধ উপস্থাপন করেন।