সরকার সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন। তিনি দলের পক্ষ থেকে সিটি করপোরেশন নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। 
রিপন বলেন, ‘বিএনপির চেয়ারপারসন যত বার নির্বাচনী প্রচারে যাচ্ছেন, হামলার শিকার হচ্ছেন। খালেদা জিয়াকে ভয় পাওয়ার কারণ কী? সরকার রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেল করুক, সেটাই আমরা চাই। কিন্তু শাসকদল রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।’
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পর সরকারের উচ্চপর্যায়ের প্রতিক্রিয়া মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে দাবি করে রিপন বলেন, উত্তেজনার বিপরীতে উত্তেজনা ছড়ানো নয়, উত্তেজনা প্রশমন করা দায়িত্বশীল ব্যক্তিদের কর্তব্য। বিএনপি উত্তেজনার বিপরীতে উত্তেজনা ছড়ানোয় বিশ্বাসী নয়। নির্বাচনী রাজনীতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা চলছে, এতে রাজনীতি গভীর সংকটে পড়ে যেতে পারে। এ অবস্থায় আজ থেকে সেনা মোতায়েনের দাবি জানান তিনি। রিপন বলেন, খালেদার গাড়িবহরে হামলাকারীদের নাম, ছবি, পরিচয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।