সরকার সমস্যার সমাধান করবে, আশা খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা বলেছেন, তিনি সংকট নিরসন এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সঙ্গে আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছিলেন। খালেদা জিয়া মনে করেন, বল এখন শাসক দলের কোটে। তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আশা করেন তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ঐক্যজোটের (একাংশ) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণে খালেদা জিয়া এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘কয়েক দিন আগেই বিএনপির জাতীয় কাউন্সিল করেছি। কাউন্সিলে দেশের সার্বিক পরিস্থিতি ও সর্বশেষ রাজনৈতিক অবস্থা আমি তুলে ধরেছি। এই সমস্যা ও সংকট থেকে বেরিয়ে আসার একটা পথনির্দেশনাও আমরা তুলে ধরেছি। আমরা মনে করি, যে অসুস্থ রাজনৈতিক ধারা চালু করা হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে হবে নতুন সম্ভাবনার পথ। জাতির বিরাজমান সমস্যাগুলো সমাধানের জন্য সুচিন্তিত ও বাস্তবমুখী কর্মসূচি প্রণয়ন করতে হবে। সেই সব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে নিয়ে আমরা এখন ভিশন ও কর্মসূচি চূড়ান্ত করার কাজ করে যাচ্ছি।’

বল শাসক দলের কোর্টে

বিএনপির চেয়ারপারসন বলেন, তিনি সংকট নিরসন এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সঙ্গে আলাপ-আলোচনার আহ্বান জানিয়েছিলেন। খালেদা জিয়া মনে করেন বল এখন শাসক দলের কোর্টে। তারা সংঘাতের পথ ছেড়ে সংলাপের পথে সমস্যার সমাধান করবে বলে আশা করেন তিনি। দেশের চরম সংকট উত্তরণে তিনি এ সম্মেলন থেকে সম্মানিত আলেম সমাজকে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের (একাংশ) জাতীয় সম্মেলনের সাফল্য কামনা করেন খালেদা জিয়া। তিনি বলেন, জাতীয় জীবনের কঠিন দুঃসময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, ‘আপনারা সকলে দোয়া করবেন, যাতে বাংলাদেশের জনগণ এই কঠিন সংকট থেকে মুক্তি পায়। দেশে যেন সুস্থ স্বাভাবিক অবস্থা ফিরে আসে।’

ডিজিটাল ডাকাতি করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে

খালেদা জিয়া বলেন, ‘আপনারা জানেন দেশের আজ কী অবস্থা। গণতন্ত্র নেই। জনগণের সরকার নেই। সুশাসন নেই। সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। সবখানে নৈরাজ্য। আইনশৃঙ্খলার সীমাহীন অবনতি ঘটেছে। কারও কোনো নিরাপত্তা নেই। জাতীয় অর্থনীতি ছত্রখান হয়ে গেছে। শেয়ারবাজার ও ব্যাংকগুলো লুট হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকেও জনগণের অর্থসম্পদ নিরাপদ নয়। ডিজিটাল ডাকাতি করে সে অর্থ লুটে নিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলা হচ্ছে। সাধারণ মানুষ রয়েছে সীমাহীন দুঃখ-দুর্দশায়। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, নারীর সম্ভ্রম হরণ, দুর্নীতি, লুণ্ঠন অতীতের সব সীমা ছাড়িয়ে গেছে। শিক্ষাব্যবস্থা বিপর্যস্ত। তরুণেরা বিপথগামী হচ্ছে। ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনে আমাদের জাতীয় সংস্কৃতি বিপন্ন। আমাদের জাতীয় স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনদের কোনো উদ্যোগ নেই। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে বিচ্ছিন্ন ও বন্ধুহীন করে ফেলা হয়েছে। বন্ধুত্বের বদলে গোলামির পথ বেছে নিয়ে শাসকেরা তাদের গদি রক্ষায় ব্যস্ত।’

খালেদা জিয়া বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আবহমানকাল থেকে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে। এটা আমাদের পরম গৌরবের বিষয়। সেই ঐতিহ্য ও গৌরবকে ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন সময় কায়েমি স্বার্থবাদী বিভিন্ন গোষ্ঠী অপতৎপরতা চালিয়ে থাকে। সম্মানিত আলেম সম্প্রদায়কে এ ব্যাপারে সতর্ক ও সজাগ থাকতে হবে, যাতে আমাদের বদনাম না হয়। ইসলাম শান্তির ধর্ম। হিংসা, হানাহানি, সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান ইসলামে নেই। ইসলাম শান্তির পক্ষে, মজলুমের পক্ষে, ইনসাফের পক্ষে, সুশাসনের পক্ষে, মৈত্রীর পক্ষে, সাম্যের পক্ষে, মানুষের অধিকার ও নিরাপত্তার পক্ষে। কিন্তু মুষ্টিমেয় কিছু বিপথগামী লোক সন্ত্রাস, প্রতিহিংসা ও নিষ্ঠুরতার পথ বেছে নিয়ে আজ বিশ্বব্যাপী মুসলমানদের অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।’