সরকার সহযোগিতা না করলে বিএনপি ৩২ জেলায় সমাবেশ করতে পারত, প্রশ্ন কাদেরের
বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতাবিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সঙ্গে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে।
আজ সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারের পতনঘণ্টা বেজে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে বহু আগেই জনগণ তাঁদের পতনঘণ্টা বাজিয়ে দিয়েছে। অথচ তা তাঁরা শুনতে পান না। তিনি বলেন, আন্দোলন আর নির্বাচনে চরম ব্যর্থতায় কি তাঁদের শেষ ঘণ্টা বাজেনি?
বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি রাজনীতির অন্যতম প্রধান বাধা উল্লেখ করে ওবায়দুর কাদের বলেন, জনগণ কী চায় আর কী চায় না, এর মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধানসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি।
বিএনপিকে কথামালার ফেনায়িত তরঙ্গ না তুলে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণ চাইলে বিএনপিই ক্ষমতায় আসবে।
বিভিন্ন জেলায় বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে, বিএনপি নেতাদের এমন দাবিকে অপপ্রচার বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাঁদের মিথ্যাচার সর্বজনবিদিত। বাধা তো নয়ই বরং সরকার সহযোগিতা করেছে। সরকার সহযোগিতা না করলে বিএনপি এ পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ করতে পারত কি? তিনি বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের দায় সরকারের ওপর চাপানো তাদের স্বভাব।