সরকার সীমা ছাড়িয়ে গেছে: খালেদা জিয়া
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় রাজনীতিক ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বৈঠক চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, সরকার এখন সীমা ছাড়িয়ে গেছে। সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বেপরোয়া হয়ে উঠেছে।
আজ শনিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া বলেন, চরম সীমা লঙ্ঘনের কারণেই দেশে রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় সংগঠনগুলোকে উন্মুক্ত কোনো স্থানে নয়, ঘরোয়া পরিবেশেও সভা কিংবা আলাপ-আলোচনা অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। আ স ম আব্দুর রবের বাসভবনে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতাদের সভায় পুলিশি হস্তক্ষেপে আবারও প্রমাণিত হলো রাষ্ট্র এখন অমানবিক এবং চরম গণবিরোধী। দেশে গণতন্ত্র শূন্যতার কারণেই আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে।
খালেদা জিয়া অভিযোগ করেন, অশুভ উদ্দেশ্যেই আব্দুর রবের বাসায় পুলিশ ঢোকে। এর মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ও সমাজের মধ্যে একটা ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করা। যাতে কেউ সরকারের বিরুদ্ধে টু-শব্দ করতে না পারে।
খালেদা জিয়া বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী থাকার জন্য বর্তমান সরকার যাদের প্রতিপক্ষ মনে করে, তাদের নির্মূল করতে নানা পন্থা অবলম্বন করেছে, তারই অংশ হিসেবে আ স ম রবের বাসায় বৈঠক না করতে পুলিশকে ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরও বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ। সময় অতি সন্নিকটে যখন জনগণের সম্মিলিত গণরোষে এই নিপীড়ক সরকারের মূলোৎপাটন ঘটবে।’