সরকার স্বৈরাচার হলে খালেদার ১০ বার ফাঁসি হতো: ইনু
সরকার যদি স্বৈরাচারই হতো তাহলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘দশবার ফাঁসি হয়ে যেত’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে জাতীয় গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিদের কাছে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী ওই কলেজের শিক্ষকদের সঙ্গেও সভা করেন।
হাসানুল হক ইনু বলেন, ‘সরকার ও প্রশাসন যদি স্বৈরাচারই হতো বা নিজের হাতে আইন তুলে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করত, তাহলে খালেদা জিয়ার ১০ বার ফাঁসি হয়ে যেত এতদিনে।’ তিনি বলেন, ‘সেইখানে তো খালেদা জিয়া বাংলাদেশে বহাল তবিয়তে আছেন। সকাল-বিকাল উনি জাতির উদ্দেশে ফতোয়া জারি করেন।’
জাসদের সভাপতি বলেন, ‘এই যে আমি কুষ্টিয়ার মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, এখানকার বিএনপির কোনো নেতা-কর্মী তো জেলে নেই। সুতরাং বিএনপির নেতা-কর্মীদের ওপর অত্যাচার–নির্যাতন চলছে, এটা ডাহা মিথ্যা কথা। সবকিছু মিলিয়ে গণতন্ত্রের সংজ্ঞা অনুযায়ী সব রকম অধিকার উনারা ভোগ করছেন।’
ইনু বলেন, ‘দিনক্ষণ ঘোষণা দিয়ে আন্দোলনও হয় না, সরকার পতনও হয় না। আন্দোলন করবে জনগণ, জনগণ যদি আন্দোলন করে, সরকার সেদিন খোদা হাফেজ বলিয়া চলিয়া যাইবে, কোনো অসুবিধা নাই। কিন্তু খালেদা জিয়ার ধমকে নিয়মতান্ত্রিক নির্বাচিত সরকার পদত্যাগ করবে না।’
এ সময় সেখানে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।