সরকার হিটলারি কায়দায় গুম-খুন করছে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে ২০–দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া l প্রথম আলে
নাটোরে ২০–দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া l প্রথম আলে

সরকার ‘হিটলারি কায়দায়’ দেশে গুম-খুন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘অনেকে বলে স্বৈরাচার। আমি বলতে চাই, স্বৈরাচার না, নব্য হিটলার জন্মগ্রহণ করেছে। হিটলারি কায়দায় সারা দেশে মানুষ খুন করছে, গুম করছে। যা মর্জি চালিয়ে যাচ্ছে।’
গতকাল শনিবার নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে ২০-দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি ‘নব্য হিটলারকে’ বিদায় করতে আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান তাঁর বক্তৃতায় দাবি করেন, গোলাম আযমকে নির্যাতনের মুখে কারাগারে ‘খতম’ করা হয়েছে। জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের আরেকটি রায় হলে বৃহস্পতিবার পর্যন্ত লাগাতার হরতাল চলবে বলে ঘোষণা দেন তিনি।
বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, ‘ডিবি (গোয়েন্দা পুলিশ) এখন কন্ট্রাক্ট কিলিং (চুক্তিভিত্তিক খুন) করছে। সরকার টিকে থাকতে পুলিশ, গোয়েন্দাদের অন্যায়ভাবে ব্যবহার করছে।’ তিনি র্যাব বিলুপ্ত করার দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার সুষ্ঠু বিচার হবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেন এবং এ ঘটনায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে রিমান্ডে নেওয়ার দাবি জানান।
খালেদা জিয়া দাবি করেন, বিচার বিভাগ স্বাধীন নয়। বিএনপির প্রতি এক ধরনের এবং আওয়ামী লীগের প্রতি আরেক ধরনের বিচার করা হচ্ছে। বিচারকেরা ন্যায়বিচার করার শপথ নেন, কিন্তু ন্যায়বিচার হচ্ছে না। তিনি কারও মুখ বা দল দেখে নয়, মামলা দেখে বিচার করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান। তিনি বিচারকদের উদ্দেশে বলেন, ‘মানুষ আল্লাহর পর আপনাদের বিশ্বাস করে। কেউ আজীবন ক্ষমতায় থাকবে না। নেতাও থাকবে না। একদিন আল্লাহর কাছে যেতে হবে, কী জবাব দেবেন?’
ক্ষমতাসীন দলের নেতাদের দায়মুক্তি দেওয়ায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) একটি অথর্ব ও আজ্ঞাবহ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, দুর্নীতি দমন কমিশনের নাম হওয়া উচিত দুর্নীতি কমিশন। তারা শুধু ক্ষমতাসীনদের দায়মুক্তি দেয়।
জাতীয় গ্রিডে কারিগরি সমস্যার কারণে গতকাল সারা দেশে বিদ্যুৎ ছিল না। খালেদা জিয়া বলেন, ‘এই মিটিং যাতে সরাসরি সম্প্রচার হতে না পারে, সে জন্য বিদ্যুৎই বন্ধ করে দিয়েছে।’
গত শুক্রবার রাজধানীর বিএসইসি ভবনের ১১ তলায় আমার দেশ কার্যালয়ে অগ্নিকাণ্ডের জন্য সরকারকে দায়ী করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘আমার দেশ পত্রিকা অনলাইনে চালাত, সেটাও আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে।’
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সংযুক্ত আরব আমিরাত সফর ব্যর্থ হয়েছে বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘নাচতে নাচতে গিয়েছিলেন। মধ্যপ্রাচ্য গিয়ে জয় করে আসবেন। কিন্তু কিছুই করতে পারলেন না।’ তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ওই দেশে জনশক্তি রপ্তানি আবার চালু হবে। আওয়ামী লীগ থাকলে কিছু হবে না। কারণ, তারা মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে।
খালেদা জিয়া বলেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনো শখ নেই। তিনি দেশের জন্য কাজ করতে চান। গণতন্ত্র ফিরিয়ে আনতে চান। তিনি বলেন, ‘সময়মতো আন্দোলনের ডাক দেওয়া হবে। যে যেখানে থাকেন, কর্মসূচি পালনের জন্য প্রস্তুত থাকবেন।’
গণসংযোগের অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট নাটোরের এই জনসভা করে। বেলা তিনটায় জনসভা শুরু হয়। তবে সকাল থেকেই নাটোর ও আশপাশের বিভিন্ন জেলা থেকে জোটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। মাঠ ভরে যাওয়ায় আশপাশের সড়কেও নেতা-কর্মীদের অবস্থান ছিল। জোটের শরিক জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামায়াত-শিবিরের অনেক কর্মী ‘সাঈদীর মুক্তি চাই’ লেখা টি-শার্ট পরে সমাবেশে অংশ নেন। গতকাল সকালে সড়কপথে খালেদা জিয়া নাটোর যান। পথে মহাসড়কের বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীরা দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান। জনসভা শেষে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা হন।
জনসভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার। জোটের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জামায়াতের কর্মপরিষদের সদস্য রেদওয়ান উল্লা শাহেদী, খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।