সরকার ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করেছে: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিজেদের অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করেছে।
আজ বুধবার সকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
এর আগে গত সোমবার সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাতে বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগে ৩৭ লাখ ডলার খরচ করছে।
এ বিষয়ে প্রশ্ন করলে খন্দকার মোশাররফ দাবি করেন, বিএনপির লবিস্ট নিয়োগের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। তিনি বলেন, ‘যখন আমেরিকা থেকে নিষেধাজ্ঞা এসেছে, যখন বাংলাদেশ গণতন্ত্রের সম্মেলনে দাওয়াত পায় না, তখন এ কথাগুলো উঠছে। আমাদের প্রশ্ন, আগে কেন এগুলো ওঠেনি।’
খন্দকার মোশাররফ বলেন, ‘আমি কিছু দিন আগে পত্রিকায় দেখেছি, আওয়ামী লীগ সরকার যে গণতন্ত্র হত্যা করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, দেশের অর্থনীতি লুণ্ঠন করছে—এগুলো যাতে ধামাচাপা দেওয়া যায়, সে জন্য তারা বিদেশে লবিস্ট নিয়োগ করেছে গত ১৪ বছর। এটা যখন পত্রপত্রিকায় বেরিয়েছে, তখন এই সরকার মিথ্যা-বানোয়াট কতকগুলো ডকুমেন্ট দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের কথা বলছে।’
এর আগে খন্দকার মোশাররফের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁরা ফাতিহা পাঠের পর জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, আমানউল্লাহ, ফরহাদ হালিম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির, শহীদ উদ্দিন চৌধুরীসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।