সরকার ৭ নভেম্বর সমাবেশ করার অনুমতি দিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর জাতির জন্য একটি ঐতিহাসিক দিন। এই দিনে সিপাহি-জনতা একত্র হয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন বলে তিনি দাবি করেন। কিন্তু সরকার দিবসটি পালন করার জন্য বিএনপিকে সমাবেশের অনুমতি দিচ্ছে না।
৭ নভেম্বরকে বিএনপি ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। এ উপলক্ষে চট্টগ্রাম নগর ছাত্রদল গতকাল রোববার বিকেলে প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শাহাদাত হোসেন।
নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম। আলোচনায় অংশ নেন যুবদলের কেন্দ্রীয় সদস্য ইয়াছিন চৌধুরী, নগর ছাত্রদলের সাবেক নেতা টিংকু দাশ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভায় শাহাদাত হোসেন বলেন, সরকার প্রশাসনের ওপর ভর করে টিকে আছে। বিএনপির জনসমর্থনকে ভয় পায় বলে সরকার ৭ নভেম্বর লালদীঘি ময়দান কিংবা মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপিকে সভা করার অনুমতি দেয়নি। এর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় হয়েছে বলে তিনি দাবি করেন।
নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম সভায় দাবি করেন, দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। দেশে চলছে স্বৈরতন্ত্র। দেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন করে একদিন গণতন্ত্র ফিরিয়ে আনবে।