সরকারই কৌশলে গুপ্তহত্যা চালাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন একটি কঠিন সময় অতিক্রম করছে। অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে সরকারই বিভিন্ন কৌশলে গুপ্তহত্যা চালাচ্ছে।
গতকাল শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, জঙ্গিবাদ দমনের নামে সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে দেশের নিরীহ সাধারণ মানুষের ওপর অত্যাচার চলছে। আসলে সরকার জনগণকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে।
বিএনপির মহাসচিব আরও বলেন, গত কয়েক সপ্তাহে দেশে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এদের মধ্যে সন্দেহজনক জঙ্গির সংখ্যা ১৮৯। এ তথ্যই বলে দেয়, এ অভিযান চালানো হচ্ছে বিএনপিকে পুরোপুরি নির্মূল করার জন্য। তিনি বলেন, আন্দোলনের মূল বিষয় হলো জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা। বিএনপি প্রক্রিয়ার মধ্যেই আছে। সরকারের শুভবুদ্ধির উদয় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামতেই হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, সহসভাপতি মো. আলম, সুলতানুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক আনসারুল হক, বিশেষ সম্পাদক নূর-ই-শাহাদাৎ প্রমুখ।