সরকারই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের নেতাদের বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টা অভিযোগ করেছেন, বিএনপি নয়, সরকারই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে।
গতকাল রোববার স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। এই বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, সরকার নিজেই জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। তারা সঠিকভাবে জঙ্গিবাদের উৎস খুঁজে বের করছে না। যথাযথভাবে তদন্ত ও অনুসন্ধান করছে না। উপরন্তু গণতান্ত্রিক উদারপন্থী রাজনৈতিক দলগুলোর ওপর দায় চাপানো হচ্ছে। এর অর্থ হচ্ছে, সরকার জঙ্গিবাদকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়। যত দিন এই জঙ্গিবাদকে জিইয়ে রাখা যাবে, তত দিন রাজনৈতিক উদ্দেশ্যও হাসিল হবে।
সিলেটের জঙ্গিবিরোধী অভিযান ও হামলায় হতাহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, তাঁরা এটাকে নাটক বলেননি। এর আগেও যেসব ঘটনা ঘটেছে, প্রতিটিই উদ্বেগজনক। বরং বিএনপি বলেছে, প্রতিটি ঘটনার সঠিক তদন্ত হওয়া দরকার। তা না হলে জনমনে প্রশ্ন থেকে যায়।
জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আজকে যে অবস্থায় গিয়ে পৌঁছাচ্ছে, এরপর দেখা যাবে, পয়েন্ট অব নো রিটার্নে চলে যাচ্ছে। এখনো সময় আছে, আমরা সরকারের কাছে আহ্বান জানাব, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ জঙ্গিবাদকে মোকাবিলা করার।’
বিকালে নয়াপল্টনে আরেক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে তার নিজের পথে চলতে দিলে, জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার না করলে, জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশ ঘুরে দাঁড়াবে।