সরকারই সংঘাত ডেকে আনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বারবার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারই সংঘাত ডেকে আনছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিশৃঙ্খলা চায় না। কোনো সমস্যা তৈরি করতে চায় না। বিএনপি বারবার সরকারকে আলোচনার আহ্বান জানাচ্ছে। আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় এলে কোনো সমস্যা নেই। কিন্তু সরকারের মন্ত্রীরা বারবার বলছেন, আলোচনার কোনো প্রশ্নই আসে না। অর্থাত্ এসব বলে তাঁরাই সংঘাত ডেকে আনছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, এবার আন্দোলনে ঢাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যে দলের স্থায়ী কমিটি এবং জোটের বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে। এখন বিএনপি জনসম্পৃক্ততা ও বৃহত্তর ঐকমত্য সৃষ্টির কাজ করছে। সবাইকে সঙ্গে নিয়ে বিএনপির চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আন্দোলনের কর্মসূচি হবে শান্তিপূর্ণ বলেও তিনি জানান।