সরকারকে আলোচনায় বসতে ফের আহ্বান জানালেন ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যথায় পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির নিখোঁজ, গুম, খুন ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। জাতীয়তাবাদী হেল্প সেল নামের একটি সংগঠন এর আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারকে বলব—আসুন, কথা বলুন। কীভাবে সেই সরকার গঠন করা যেতে পারে, কীভাবে সবাই অংশগ্রহণ করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করে একটা নির্বাচন করতে পারি। আপনারা ভয় পাচ্ছেন যে ক্ষমতা ছাড়লে পালানোর সুযোগ পাবেন না। সেটার নিশ্চয়তা দিচ্ছি, জনগণ আপনাদের সবকিছু ঠিক রাখবে।’
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া পালিয়ে গেছেন, এটা তো আহাম্মকও বিশ্বাস করবে না। ওবায়দুল কাদেরকে একজন সজ্জন রাজনীতিবিদ মনে করি। কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার আগে এমন ভাষায় তিনি বলতেন না। আমরা বুঝি না, কেন তাঁর এই পরিবর্তন।’
অনুষ্ঠানে বিগত আন্দোলনের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের হামলায় নিহত ও পক্ষাঘাতগ্রস্ত পাঁচ ছাত্রদল নেতার পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। জাতীয়তাবাদী হেল্প সেলের সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।