সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার উপজেলা সদরের অটোরিকশাস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। ইলিয়াস আলী নিখোঁজের পর অনুষ্ঠিত উপজেলা বিএনপির এই প্রথম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইলিয়াস-পত্নী ও জেলা বিএনপির সদস্য তাহসিনা রুসদীর।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক নূরুল হক এবং সভাপতিত্ব করেন সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস-পত্নী তাহসিনা বলেন, জনগণ ইলিয়াস-গুমের কারণ জানতে চায়। সরকারকে এর জবাব দিতে হবে। কোন অপরাধে প্রায় আড়াই বছর ধরে তাঁকে (ইলিয়াস) গুম নামক কারাগারে বন্দী করে রাখা হয়েছে তাও জনগণ জানতে চায়। তিনি আরও বলেন, এ দেশে আর গণতন্ত্র নেই। বিএনপির মিছিল-সমাবেশে সরকার তার লাঠিয়ালদের দিয়ে হামলা করাচ্ছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করছে। ইলিয়াস-পত্নী বলেন, ‘আমি নেতা হতে নয়, বিচার দিতে এসেছি। ইলিয়াস আলীর শক্তির উৎস জনগণ। তাই সবাইকে আজ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে জনতার নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে আনতে হবে।’
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন, আবদুল গফ্ফার, আলী আহমদ, এমরান আহমদ চৌধুরী, মহিলা দলের সভাপতি পাপিয়া চৌধুরী, কানাইঘাট বিএনপির সভাপতি মামুনুর রশীদ। আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ও সদস্য কবির হোসেন চেয়ারম্যান।