বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোটা জাতির দম বন্ধ করে বর্তমান ভোটারবিহীন সরকার এক রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি করে জাতিকে এক ভয়ংকর অমানিশায় ফেলেছে। তারপরও এ সরকারকে আরও দম ফেলার পরামর্শ দিলে জাতির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিনের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন গত বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘রিজার্ভ চুরি একটা বড় ধরনের ঘটনা এবং ঘটনাটি স্পর্শকাতর। প্রতিবেদন জমা হয়েছে, সরকার আগে পরীক্ষা-নিরীক্ষা করুক। সরকারকে একটু সময় দেওয়াটা খুব ভালো হয় না!’