সরকারকে বিব্রত করার অপপ্রয়াস: আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে দেওয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনে করে, লন্ডনে খালেদা জিয়া যেসব কথা বলেছেন, তার অধিকাংশই ছিল কল্পকাহিনি, অসত্য তথ্যসংবলিত ও সরকারকে বিব্রত করার একটা অপপ্রয়াস।
রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল বুধবার আওয়ামী লীগের পক্ষে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গত রোববার লন্ডনে খালেদা জিয়া দেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে সরকারকে দায়ী করে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন।
আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে—খালেদা জিয়ার এমন বক্তব্য প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। এই দল প্রতিহিংসার রাজনীতি করেছে, তা কখনো কেউ দেখেনি। বিএনপি ক্ষমতায় থাকতে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি কাকে বলে, সেটা তখন খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমান দেখিয়েছিলেন।’
আওয়ামী লীগের আমলেই জঙ্গির উত্থান হয়—খালেদা জিয়ার এই মন্তব্যের বিষয়ে হানিফ বলেন, ‘খালেদা জিয়াই জঙ্গি মানসিকতায় বিশ্বাসী। ওনার প্রভুদের নির্দেশে তিনি বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।’
সাম্প্রতিক ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ও কর্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আপনাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়তো তাদের ক্ষমতার সীমাবদ্ধতার কারণে বা প্রযুক্তির স্বল্পতার কারণে অনেক সময় তাৎক্ষণিকভাবে বা খুব দ্রুত তদন্ত করে আসামিকে ধরা হয়তো সম্ভব হয়নি। তার মানে এই নয় যে সরকার আন্তরিক নয়। সরকারের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
জাগৃতি প্রকাশনের মালিক ফয়সল আরেফিন দীপনের বাবা সম্পর্কে করা মন্তব্য চাপে পড়ে প্রত্যাহার করেছেন কি না—এ প্রশ্নে হানিফ বলেন, ‘কারোর কাছ থেকে কোনো চাপ ছিল না। ওটা একটা ‘ডেড ইস্যু’। আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। এসব হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।’