সরকারকে শক্ত ভাষায় কথা বলতে বলল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা ইস্যুতে সরকারকে শক্ত ভাষায় কথা বলার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে মির্জা আব্বাস এ কথা বলেন।
বিএনপির এই নেতা দাবি করেন, যখন মিয়ানমার রোহিঙ্গাদের পাঠানো শুরু করল, তখন বাংলাদেশ সরকার একটা কঠিন অবস্থান নিলে এ অবস্থার সৃষ্টি হতো না। সরকারের অবস্থান এই হওয়া উচিত ছিল, ‘একজন রোহিঙ্গাও ভেতরে ঢুকতে পারবে না, একজন মিয়ানমার একজন রোহিঙ্গার গায়েও হাত দেবে না। সরকার এ অবস্থান নিলে মিয়ানমার সরকারের একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে পাঠানোর সাধ্য ছিল না।’
রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানেরও সমালোচনা করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ভারত একবার বলছে তারা মিয়ানমারের পাশে আছে। আবার এখন বলছে বাংলাদেশের পাশে আছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে কারও থাকার দরকার নেই। এটা মিয়ানমারের সমস্যা। এই সমস্যা মিয়ানমারকেই সমাধান করতে হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে।
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর পরিচালনায় মিলাদ মাহফিলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, হান্নান শাহের ছোট ছেলে আ স ম রিয়াজুল হান্নান বক্তব্য দেন।