সরকারকে হুমকি দিয়ে লাভ নেই: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারকে হুমকি ধমকি দিয়ে লাভ নেই। আওয়ামী লীগ সংগ্রামী দল। জনগণকে সঙ্গে নিয়ে কীভাবে নৈরাজ্য মোকাবিলা করতে হয়, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জানা আছে।
আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১৪ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। দেশজুড়ে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে এ জনসভার আয়োজন করা হয়।
সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখন পেট্রলবোমা হামলাকারী, খুনি, রাজাকার, নৈরাজ্য সৃষ্টিকারী ও জঙ্গি নেত্রী। জঙ্গি নেত্রীর সঙ্গে সরকারের কোনো সংলাপ হবে না। যত ষড়যন্ত্রই হোক, ২০১৯ সালের আগে এ দেশে নির্বাচন হবে না। সংলাপের প্রয়োজন হলে তখন বিএনপির সঙ্গে সংলাপ হবে। তিনি বলেন, ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। এ জন্য সরকারও গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে।
গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ আজম খান সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাংসদ আবু সাঈদ আল মাহমুদ, বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান।