সরকারদলীয় সাংসদের বিরুদ্ধে প্রচারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সাবেক সাংসদ শাহ্ মো. আবু জাফর l প্রথম আলো
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সাবেক সাংসদ শাহ্ মো. আবু জাফর l প্রথম আলো

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে ফরিদপুর-১ (নগরকান্দা-মধুখালী-বোয়ালমারী) আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী আ. শুকুর শেখের পক্ষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ শাহ্ মো. আবু জাফর সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন।
উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া শাহ জাফর টেকনিক্যাল কলেজ মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন হয়। এ সময় শাহ জাফর লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনের প্রথম দিকে কয়েকটি ধাপ থাকে। দল থেকে মনোনয়ন পাওয়া, মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের পর নির্বাচনী আচরণবিধি মেনে চলা। কিন্তু সাংসদ আবদুর রহমান আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনই ৩০০-৪০০ মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহানের পক্ষে মহড়া দেন, যা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন। এ ছাড়া ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণার বিধিনিষেধ থাকলেও সাংসদ আবদুর রহমান ৩ ডিসেম্বর থেকে তাঁদের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
শাহ জাফর আরও বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে সরকারি ডাকবাংলো ব্যবহার করা যাবে না। কিন্তু সাংসদ আবদুর রহমান ডাকবাংলোয় বসে কর্মী-সমর্থকদের নিয়ে পরামর্শ করছেন, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ডেকে তাঁদের প্রার্থীকে ভোট দিতে বলছেন, চাপ সৃষ্টি করছেন। সাংসদ আবদুর রহমানের সঙ্গে থাকা বাহিনীতে বৈধ-অবৈধ আগ্নেয়াস্ত্রও থাকতে পারে বলে তাঁদের ধারণা।
এ ব্যাপারে সাংসদ আবদুর রহমান বলেন, ‘হীন রাজনীতি চরিতার্থ করতে বিএনপির সাবেক ওই সাংসদ এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ এনেছেন। এ ধরনের মিথ্যা অভিযোগ আনায় সাবেক সাংসদ শাহ্ জাফরের বিরুদ্ধে আইনগত নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’
রিটার্নিং কর্মকর্তা খায়রুজ্জামান বলেন, ‘আমি শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করছি। বিএনপির প্রার্থী শুকুর নিজেই আচরণবিধি লঙ্ঘন করছেন। শুকুর শেখ গত বুধবার পৌর কার্যালয়ের কাছে নির্বাচনী প্যান্ডেল তৈরি করছিলেন, সেটা বন্ধ করে দিয়েছি। আজও আচরণবিধি লঙ্ঘন করায় তাঁকে তলব করা হয়েছে। তবে কিছু মৌখিক অভিযোগ শোনার পর সাংসদ মহোদয়কে আচরণবিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছি।