সরকারদলীয় প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মীর নাছির। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সংবাদ সম্মেলনে মীর নাছির। গতকাল তোলা ছবি l প্রথম আলো

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দীন অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন সরকারদলীয় ক্যাডারের ভূমিকা পালন করছে। কমিশন নিজেদের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ না করে সরকারি দলের প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। ভোটের নামে জাতির সঙ্গে প্রহসন করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে বর্তমান কমিশনের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী রোডের বাসভবনে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মীর মোহাম্মদ নাছির। তিনি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা।
পঞ্চম ধাপে আজ শনিবার চট্টগ্রামের চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া এবং কক্সবাজার সদর ও রামুর বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এই নির্বাচনকে ঘিরে সরকারি দলের লোকজনের ‘ত্রাসের রাজত্ব’ কায়েম, ভয়ভীতি প্রদর্শন, স্থানীয় প্রশাসনের ‘নগ্ন ভূমিকা’ এবং বিএনপি প্রার্থীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মীর নাছির দাবি করেন, চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন ইউনিয়নের নির্বাচনে বিএনপির প্রার্থী তথা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে ভীত হয়ে সরকারি দলের প্রার্থী ও তাঁদের ক্যাডার বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপির প্রার্থীদের বাসাবাড়িতে হামলা, ভাঙচুর, প্রার্থীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কোনো কোনো প্রার্থীকে জোর করে এলাকাছাড়া করা হচ্ছে।
মীর নাছির অভিযোগ করেন, এই সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এটা জেনেও বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে অংশ নিয়ে সরকারের ভোট চুরির মুখোশ জাতির সামনে উন্মোচন করেছে। ভোটের আগের রাতে সরকারি দলের পক্ষে বহিরাগত সন্ত্রাসীরা এসে বিভিন্ন কেন্দ্র দখল করে নিচ্ছে। এ ব্যাপারে বারবার অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকারদলীয় প্রার্থীদের বিজয় ঘোষণা করাই যেন নির্বাচন কমিশনের দায়িত্ব।
বর্তমান নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ দাবি করে মীর নাছির সংবাদ সম্মেলনে বলেন, কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে না। কমিশনের কাছে অনেক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনো ফল আসেনি। এই কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে বিএনপি। এই কমিশন বিতাড়িত না হওয়া পর্যন্ত ভবিষ্যতে আর কোনো নির্বাচনে বিএনপি যাবে কি না তা ভেবে দেখা হবে। তাঁর অভিযোগ, সরকারি দলের ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে নির্বাচন কমিশন।
চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীদের ওপর হুমকি ও হামলার বিষয়টি উল্লেখ করে মীর নাছির অভিযোগ করেন, সাতকানিয়ায় মাদার্শা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থীকে থানায় ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি ফোনে তিনি নিজেই নির্বাচন কমিশনকে জানান। কিন্তু কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনো তাঁরা জানেন না।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম প্রমুখ উপস্থিতি ছিলেন।