সরকারপ্রধান নারী কিন্তু নারীদের মর্যাদা দিতে পারেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারপ্রধান নারী হওয়া সত্ত্বেও তিনি নারীদের সঠিক মর্যাদা দিতে পারেননি। এ কারণে প্রতিনিয়তই নারী নির্যাতনের ঘটনা ঘটছে। সরকার কিছু করতে পারছে না।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার নারীদের যথেষ্ট সম্মান দিতে জানে না। সরকারের প্রধান একজন নারী হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত নারীরা নির্যাতিত হচ্ছে। তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না। তিনি বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা জনগণকে ভয় পান, বিএনপিকে ভয় পান, খালেদা জিয়াকে ভয় পান। এ জন্য তিনি জনগণ ও খালেদার মুখোমুখি হতে চান না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ভীত ও অন্ধকারের দল। এরা দেশের গণতন্ত্র ধ্বংস করছে। তারা বিএনপির সব কর্মসূচিতে বাধা দেয়। তিনি বলেন, আওয়ামী লীগ পুরো শহর মরিচবাতি দিয়ে সাজিয়ে সম্মেলন করল কিন্তু বিএনপিকে একটু জায়গা দিতে পারল না। এমনটা তো গণতন্ত্রের ভাষা হতে পারে না।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলা দলের নতুন সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক সাংসদ নিলুফার চৌধুরী, শাম্মী আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।