সরকারি খালে ভবন নির্মাণ করছেন আ.লীগ নেতা?
বরিশালের উজিরপুর উপজেলার ডাবেরকুলÑধামুরা সরকারি খাল দখল করে আওয়ামী লীগের এক নেতা পাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শের-ই-বাংলা ঘাট বাজার এলাকায় ধামুরা খাল দখল করে বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. খোকন হাওলাদার এই পাকা ভবন নির্মাণ করেছেন। বোরো মৌসুমে কৃষকেরা এই খালের পানি সেচ দেন। তা ছাড়া কৃষকেরা নৌকায় করে এই খাল দিয়ে ফসল বাড়িতে আনেন। খালের মধ্যে ওই পাকা ভবন নির্মাণ সম্পন্ন হলে নৌকা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। ইতিমধ্যে ওই এলাকায় খালটির প্রশস্ততা কমে গেছে। পানিপ্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বরাকোঠা শের-ই-বাংলা ঘাটসংলগ্ন বাজারের সেতুর কাছে পাকা ভবন নির্মাণে কাজ করছেন কয়েকজন শ্রমিক। পরে তাঁরা সটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা বলেন, খালের মধ্যে ২০ ফুট প্রস্থ ও প্রায় ৩০ ফুট লম্বা পাকা ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে ভিত্তির (ফাউন্ডেশন) কাজ সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলম হাওলাদার ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হানিফ হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা খোকন হাওলাদার সরকারি এই খাল দখল করে মাঝখানে অবৈধ পাকা ভবন নির্মাণ করছেন। আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গত রোববার ভূমি অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু ওই ভবনের নির্মাণকাজ অব্যাহত আছে। এটি বন্ধে প্রশাসন কোনো পদক্ষেপই নেয়নি। অবৈধ এই দখলদারকে উচ্ছেদ করা না হলে এলাকাবাসীর নানা সমস্যা পোহাতে হবে। নৌকায় করে ফসল ও ব্যবসায়ীদের মালামাল পরিবহনে ব্যাঘাত ঘটবে।’
বাজার কমিটির সভাপতি সুলতান আহম্মেদ বলেন, ‘খোকন ক্ষমতার দাপট দেখিয়ে সবার বাধানিষেধ উপেক্ষা করে ওই অবৈধ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। আমরা খালটি দখলমুক্ত চাই।’
তবে এ অভিযোগ অস্বীকার করে খোকন হাওলাদার বলেন, ‘আমি কোনো সরকারি খাল দখল করিনি। আমার ক্রয় করা জমিতে ভবন নির্মাণ করছি।’
নাম প্রকাশ না করার শর্তে উজিরপুর উপজেলা ভূমি কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, সরকারি খাল দখলের বিষয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ পাওয়ার পর ভূমি কর্মকর্তার নির্দেশে বিষয়টির তদন্তে সত্যতা পাওয়া গেছে। নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তা মানছেন না ওই দখলদার।