সরকারি জমি দখল করে যুব, ছাত্রলীগের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি জায়গায় যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয় স্থাপন করা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারি জায়গায় যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয় স্থাপন করা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর বাজারে পাকুন্দিয়া-মঠখোলা সড়কের পশ্চিম পাশে জেলা পরিষদের ৭ শতক জায়গা আছে। এর মধ্যে আড়াই শতকের মালিকানা নিয়ে এক ব্যক্তির সঙ্গে জেলা পরিষদের মামলা চলছে। সুযোগ পেয়ে এই আড়াই শতকে কার্যালয় নির্মাণ করে ফেলেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ।

ওই জায়গার মালিকানা দাবিদার পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও গ্রামের সজল মিয়া। তিনি বলেন, যুবলীগ ও ছাত্রলীগ যে জায়গায় তাদের কার্যালয় নির্মাণ করেছে, সে জমি তাঁদের কেনা। ১৯৭৯ সালে নারান্দী গ্রামের মৌনেন্দ্র চন্দ্র মোদকের কাছ থেকে ১ শতক ও ১৯৮৮ সালে একই গ্রামের শ্রী নিরেন্দ্র চন্দ্র মোদকের কাছ থেকে দেড় শতক জায়গা তাঁর বাবা ইছাম উদ্দিন তাঁদের নামে কেনেন। এ-সংক্রান্ত সব কাগজপত্র তাঁদের রয়েছে।

এ ব্যাপারে জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম গত সোমবার প্রথম আলোকে বলেন, ওই জায়গা জেলা পরিষদের নামে রেকর্ড রয়েছে। জেলা পরিষদ কারও কাছে বিক্রি করেনি। সুতরাং এ জায়গা জেলা পরিষদের।

জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ওই জায়গায় ব্রিটিশ আমলে পাকুন্দিয়া বাজারের ব্যবসায়ীদের পানি খাওয়ার জন্য একটি কূপ নির্মাণ করে তৎকালীন জেলা বোর্ড। দীর্ঘদিন ব্যবহার না করায় কূপটি একসময় নষ্ট হয়ে যায়। এরপর থেকে প্রভাবশালী ব্যক্তিরা জায়গাটি দখলের চেষ্টা করছেন। সম্প্রতি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেনের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সেখানে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের পাকুন্দিয়া উপজেলা শাখা কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে শামিয়ানা দিয়ে ঘর নির্মাণ করেন।

গত ২২ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান সেখানে যান। এ সময় তিনি দখলদারদের নির্মাণকাজ বন্ধ করে কার্যালয় ভেঙে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। হাফিজুর রহমান বলেন, ‘সরেজমিনে বাজারে জায়গা দখলের সত্যতা পেয়েছি। জেলা পরিষদের জায়গায় নির্মাণ করা কার্যালয় সরিয়ে নিতে তাঁদের (যুব ও যুবলীগের নেতাদের) নির্দেশ দিয়েছি।’

জানতে চাইলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন মুঠোফোনে বলেন, ‘জেলা পরিষদের এই জায়গায় ময়লার স্তূপ ছিল। আমরা ওই ময়লা পরিষ্কার করে ছোট্ট অস্থায়ী ঘর নির্মাণ করে আপাতত বসে আড্ডা ও চা পান করছি। দলীয় কার্যালয়ের একটি সাইনবোর্ড পুঁতেছি।’ তবে তিনি এ ব্যাপারে জেলা পরিষদের কাছে কোনো আবেদন দেননি এবং অনুমতিও নেননি বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘ওই জায়গায় কার্যালয় না করার নির্দেশ দিয়েছি। যদি ঘর না সরানো হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া আরেকটি পক্ষ জায়গাটির মালিকানা দাবি করেছে। বিষয়টি নিয়ে জেলা পরিষদের সঙ্গে মামলা চলছে।’