সরকারি জমিতে আ.লীগ ও মহিলা যুবলীগের কার্যালয় নির্মাণ

জয়পুরহাটের কালাই উপজেলা সদরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং জেলা পরিষদের জায়গায় আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী যুবলীগের নেতারা দুটি ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জয়পুরহাট সওজের নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার সাহা বলেন, মহাসড়কের উত্তর পাশে সওজের ২ দশমিক ৭৯ শতক এবং দক্ষিণ পাশে দশমিক ৬ শতক জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এ কাজ বন্ধের জন্য তিনি ২৭ জুলাই পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনওর বরাবর চিঠি দিয়েছেন।
এলাকাবাসী জানান, কালাই বাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উত্তর পাশে পৌনে তিন শতক জায়গায় একটি তিনতলা ভবন তৈরি করা হচ্ছে। গত ২২ এপ্রিল কালাই পৌরসভার সদ্য নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুল আলম এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান এ কাজের উদ্বোধন করেন। মহাসড়কের দক্ষিণ পাশে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের দক্ষিণের সীমানাপ্রাচীর ঘেঁষে প্রায় সাড়ে তিন শতক জায়গাজুড়ে আরেকটি ভবন নির্মাণ চলছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম নেছা ও তাঁর স্বামী গোফফার হোসেন এটি নির্মাণ করছেন। গোফফার উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কালাই বাজারের বাসস্ট্যান্ড-সংলগ্ন জয়পুরহাট-বগুড়া সড়কের উত্তর পাশে নির্মাণশ্রমিকেরা কাজ করছেন। শ্রমিকেরা ট্রাক ও ট্রলিতে করে নিয়ে আসা বালু দিয়ে ভবনের মেঝে ভরাট করছেন। ভবনের গ্রেট বিম থেকে ইটের দেয়াল তোলা হচ্ছে। মহাসড়কের দক্ষিণ পাশে ডাকবাংলো ভবনের দক্ষিণের সীমানাপ্রাচীর ঘেঁষে পিলার তুলে নির্মাণকাজ করছেন। সেখানে গ্রেট বিমের ওপর থেকে ভবনের দেয়াল গাঁথা হয়েছে। ভবনটি নির্মাণ হওয়ায় এর পেছনে ডাকবাংলোর পুরোটাই ঢাকা পড়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালাই পৌরসভার মেয়র খন্দকার হালিমুল আলম গত সোমবার মুঠোফোনে বলেন, ওই স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অফিস করা হচ্ছে। জায়গাটি অকেজো, পরিত্যক্ত হওয়ায় দলীয় কার্যালয় নির্মাণের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করা হয়েছে। সেখান থেকে আবেদনটি সওজ ও সেতু মন্ত্রণালয়ের দপ্তরে রয়েছে। অতি দ্রুত এর অনুমতি পাওয়া যাবে। তবে কাজ বন্ধ করতে সওজ নির্বাহী প্রকৌশলীর নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, যেহেতু শিগগিরই মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যাবে, তাই আর কাজ বন্ধ করা হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক গোফফার হোসেন দেলোয়ার গত সোমবার মুঠোফোনে বলেন, তিনি জেলা পরিষদের নিয়মকানুন মেনে ওই জমি ইজারা নিয়েছেন। তিনি সেখানে ব্যবসা করবেন। তবে তাঁর স্ত্রী উপজেলা মহিলা যুবলীগের সভাপতি হওয়ায় ভবনের এক পাশে দলীয় অফিস থাকবে। তবে মিস্ত্রির ভুলের কারণে সামান্য (দশমিক ৬ শতক) জমি সওজের জায়গায় পড়েছে। তিনি ওই অংশ ভেঙে দেবেন।
জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী বলেন, জেলা পরিষদের ওই জায়গা আইন মেনে ইজারা দেওয়া হয়েছে। জেলা পরিষদ প্রয়োজনে যেকোনো সময় ইজারা বাতিল করে উচ্ছেদ করতে পারবে।
নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার বলেন, কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে শিগগিরই প্রশাসনের লোকজন নিয়ে সেখানে অভিযান চালানো হবে।