যাত্রাবাড়ীর দনিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে যুবলীগের কার্যালয়সহ শতাধিক দোকান গড়ে তোলা হয়েছে। এসব দোকান থেকে যুবলীগের নেতারা চাঁদা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ীর কুতুবখালী খাল এলাকা থেকে শনির আখড়া পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে রয়েছে শতাধিক দোকান। একইভাবে মহাসড়কের উত্তর পাশ ঘেঁষে আরও ১৫-২০টি অস্থায়ী দোকানপাট দেখা যায়। এ ছাড়া দনিয়া কলেজের পশ্চিম পাশে আছে দনিয়া ইউনিয়ন যুবলীগের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রধান কার্যালয়। কার্যালয়ের ভেতরে গিয়ে কোনো নেতাকে পাওয়া যায়নি। এ সময় কার্যালয়ের পূর্ব পাশে চার ব্যক্তিকে ক্যারম খেলতে দেখা যায়। তাঁরা নিজেদের ওয়ার্ড যুবলীগের কর্মী বলে পরিচয় দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন চা-দোকানি বলেন, চার থেকে পাঁচ মাস আগে যুবলীগের নেতা-কর্মীদের সহায়তায় তাঁরা দোকান বসিয়েছেন। বিনিময়ে দিনে প্রত্যেক দোকানিকে ১৫০ টাকা করে চাঁদা দিতে হয়। কেউ চাঁদা না দিলে দোকান খুলতে দেওয়া হয় না।
শনির আখড়ার দুজন চা-দোকানি বলেন, সারা দিন বেচাবিক্রির পর লাভের একাংশ যুবলীগের নেতাদের দিয়ে দিতে হয়। ভয়ে তাঁরা প্রতিবাদ করার সাহস পান না।
শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, প্রতিদিন সন্ধ্যার পর যুবলীগের কার্যালয়ে নেতা-কর্মীদের আড্ডা বসে। রাতে বসে মাদক ও জুয়ার আসর।
স্থানীয় লোকজন বলেন, মহাসড়ক ঘেঁষে দোকানের সংখ্যা বাড়ছে। দোকান বসানোর কারণে হাঁটার পথ সংকুচিত হয়ে যাওয়ায় পথচারীদের সড়কের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হয়।
শনির আখড়ার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, মহাসড়ক ঘেঁষে দোকানপাট গড়ে ওঠায় হাঁটাচলায় সমস্যা হয়। এ ছাড়া দোকানপাট থেকে ফেলা আবর্জনার কারণে এলাকার পরিবেশও নোংরা হয়ে গেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চেষ্টা করেও দনিয়া ইউনিয়ন যুবলীগের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি যথাক্রমে মো. সবুজ ও মো. সালমানকে পাওয়া যায়নি। তবে দনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘সরকারি খালি জায়গায় যুবলীগ কার্যালয় স্থাপন করবে এটাই স্বাভাবিক। আর সংগঠন পরিচালনার খরচ মেটাতেই দোকানপাট বসানো হয়েছে।’ রাত ১০টার দিকে অন্য অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শনিবার আখড়া থেকে দনিয়ায় যুবলীগের কার্যালয় পর্যন্ত এলাকায় স্থানীয় লোকজন দোকান বসিয়ে ভাড়া আদায় করছে। যুবলীগের কার্যালয়ে মাদক সেবন ও জুয়ার আসর বসানোর অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
সম্প্রতি এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসির) অন্তর্ভুক্ত করা হয়েছে। জানতে চাইলে ডিএসসিসির অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, শিগগিরই অভিযান চালিয়ে মহাসড়কের পাশের সব অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে ফেলা হবে।