সরকারি তদন্তের দিকে তাকিয়ে জাপা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সাংসদ এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আপাতত কোনো ব্যবস্থা নিচ্ছে না তাঁর দল জাতীয় পার্টি (জাপা)। জাতীয় সংসদের বিরোধী দল জাপা এ ক্ষেত্রে তাকিয়ে আছে সরকারি তদন্তের দিকে। 

সম্প্রতি সেলিম ওসমানের উপস্থিতিতে একজন শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনায় দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ অব্যাহত রয়েছে। এ ঘটনায় রুল দিয়েছেন আদালত। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি তদন্ত কমিটি।
জাতীয় পার্টির সূত্র জানায়, ওই দিনের প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হতে জাপা নির্ভর করছে মাউশির তদন্ত কমিটির ওপর। দল থেকে এ বিষয়টি তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। মাউশির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশে যেভাবে এই ঘটনা আলোড়ন তৈরি করেছে, দলের ভেতরও বিষয়টি নিয়ে আলোচনা আছে। কিন্তু এ নিয়ে দলে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। ১৪ মে কাউন্সিলে কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করায় এখন চেয়ারম্যান, সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান আর মহাসচিব—এই চারজন ছাড়া আনুষ্ঠানিকভাবে দলীয় ফোরাম নেই। তবে চেয়ারম্যান এইচ এম এরশাদ বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছেন। এরশাদ বলেছেন, সরকারি তদন্ত দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তাঁরা এখনো পুরোপুরি স্পষ্ট নন যে আসলে কী হয়েছে। গণমাধ্যম ও স্থানীয় লোকজনের মাধ্যমে তাঁরা বিভিন্ন কিছু জানতে পারছেন। সরকারিভাবে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার প্রতিবেদন দেখে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দলের পক্ষ থেকে ঘটনা তদন্তের সিদ্ধান্ত হয়নি।
জাপা চেয়ারম্যানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পরিস্থিতি বাধ্য না করলে দল সেলিম ওসমানের বিরুদ্ধে যাবে না। তাঁকে দলীয়ভাবে শাস্তি দেওয়ার তেমন কোনো মনোভাব এখন পর্যন্ত চেয়ারম্যানের মধ্যে দেখা যায়নি। কারণ, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে দলের ক্ষতি হতে পারে। তবে যেভাবে ঘটনাটি আলোড়ন তুলেছে, সরকারি দলের নেতারা এর বিরুদ্ধে কথা বলছেন, আদালত রুল জারি করেছেন, সব মিলে পরিস্থিতি কোন দিকে যায় তা বলা যায় না।
জাপার একজন নেতা বলেন, রাজনীতিক না হওয়া এবং পারিবারিক প্রভাবের কারণে হয়তো তিনি ওই ভুল করেছেন। তবে দল শেষ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেবে বলে তিনি মনে করেন না।
জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, সরকারি তদন্ত শেষ হওয়ার আগে তিনি এ বিষয়ে কিছু বলতে চান না।
নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টি থেকে সাংসদ ছিলেন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ভাই নাসিম ওসমান। ২০১৪ সালে তাঁর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। ওই বছরের ২৬ জুন উপনির্বাচনে জাতীয় পার্টির টিকিটে সাংসদ নির্বাচিত হন তাঁদের আরেক ভাই এ কে এম সেলিম ওসমান।
জাপার সূত্র জানায়, সংসদ নির্বাচনের আগ পর্যন্ত ব্যবসায়ী নেতা সেলিম জাপার রাজনীতিতে যুক্ত ছিলেন না। তাঁর মৃত ভাইয়ের আসন হওয়ায় এবং পারিবারিক প্রভাবের কারণে জাপা থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়। তিনি সাংসদ নির্বাচিত হলেও এখনো জাপার কেন্দ্রীয় রাজনীতিতে খুব একটা সক্রিয় নন। কেন্দ্রীয় কমিটিতে তাঁর কোনো পদও নেই। তবে আসন্ন কমিটিতে তাঁকে পদ দেওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত।
সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে শাসন করার সময় ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। গত শুক্রবার বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা চলাকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাঁর শাস্তির দাবিতে লোক জড়ো করা হয়। এরপর উত্তেজিত লোকজন তাঁকে মারধর করে। সেলিম ওসমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়।